সড়ক দুর্ঘটনা রোধ, জনসচেতনতা বৃদ্ধি ও নিরাপদ সড়ক নিশ্চিত করার প্রত্যয়ে খুলনার ডুমুরিয়ায় নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেট বিতরণের মধ্য দিয়ে সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং দুর্ঘটনা প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানায় নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টায় ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল— ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।
নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সভাপতি খান মহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিসচা খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক শিরিনা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা আলহাজ আব্দুল কাইয়ুম জমাদ্দার। এ ছাড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম ও সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম ডাবলুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল ও প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান। কর্মসূচিতে স্থানীয় সাংবাদিক, শিক্ষক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের সচেতনতা জরুরি। ট্রাফিক আইন মেনে চলা, দক্ষ চালক তৈরি, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা, মোটরসাইকেলে হেলমেট ব্যবহার এবং বেপরোয়া গাড়ি চালানো বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে প্রশাসন, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচির অংশ হিসেবে সড়ক ব্যবহারকারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এতে ট্রাফিক আইন মেনে চলা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে সড়ক দুর্ঘটনায় নিহত জাহানারা কাঞ্চনসহ দুর্ঘটনায় নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের রোগমুক্তি এবং সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
খান আরিফুজ্জামান নয়ন, ডুমুরিয়া, খুলনা: 











