পটুয়াখালীর গলাচিপায় অবৈধভাবে মা ইলিশ শিকারের দায়ে ১৪ জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের নমোস্লুইজ-সংলগ্ন তেঁতুলিয়া নদীতে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’-এর আওতায় পরিচালিত অভিযানে তাঁদের আটক করা হয়।
মৎস্য অফিস সূত্রে জানা গেছে, গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন অভিযানটি পরিচালনা করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার পরিচালিত ভ্রাম্যমাণ আদালত দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় আটক ১৪ জেলেকে প্রত্যেককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে সরকার ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে এ অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, “মা ইলিশ সংরক্ষণে নির্ধারিত নিষেধাজ্ঞার সময়ে নদীতে মাছ ধরা বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নে অভিযান চালানো হচ্ছে। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী: 











