খুলনার ডুমুরিয়ায় ইমাদ পরিবহনের একটি বাসের ধাক্কায় মিলন কুমার ভদ্র (৫৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বাসটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহত মিলন কুমার ভদ্র ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের গাবতলা এলাকার উপেন্দ্রনাথ ভদ্রের ছেলে। তিনি গাবতলা বাজারে স্বর্ণ ব্যবসার পাশাপাশি নার্সারি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে মোটরসাইকেল চালিয়ে খুলনা শহরের উদ্দেশে রওনা হন মিলন ভদ্র। মহাসড়কের এক পাশে সংস্কারকাজ চলমান থাকায় তিনি বিপরীত পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় চুকনগর থেকে খুলনাগামী ইমাদ পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৮৮৩৬) তাঁর মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসআই (নিঃ) মুন্সি পারভেজ আক্তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়।
খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুতসহ সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খান আরিফুজ্জামান নয়ন, ডুমুরিয়া, খুলনা: 










