ঝালকাঠির রাজাপুরে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করে ৭ লাখ টাকা ও মোবাইল ফোন ডাকাতির ঘটনায় ৭২ ঘণ্টার মধ্যে ডাকাত দলের সরদারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮, সিপিএসসি, বরিশাল। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে নগদ ১ লাখ ৯ হাজার ৫৫১ টাকা ও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে ঝালকাঠির রাজাপুর উপজেলার বারাকপুর এলাকায় পৌঁছালে বিকাশ ব্যবসায়ী মো. সুমন হোসেনের পথরোধ করে দেশীয় অস্ত্রধারী একদল দুর্বৃত্ত। এ সময় ধারালো রামদা ও লোহার রড দিয়ে তাঁকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করা হয়। পরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ থেকে বিকাশের নগদ ৭ লাখ টাকা ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
এ ঘটনায় ভুক্তভোগী রাজাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার অনুরোধের পরিপ্রেক্ষিতে এসআরবি-৮, সিপিএসসি, বরিশালের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ২০ অক্টোবর রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আফজাল হোসেন (৫০), পিতা মো. গণী শরীফ; লিটন হাওলাদার (৩০), পিতা মনজুরুল আলম মুন্না; আবুল কালাম (৩৮), পিতা মৃত ওয়াজেদ আলী হাওলাদার; চান মিয়া (২৯), পিতা আবুল খায়ের মৃধা এবং মামুন হাওলাদার (২৪), পিতা মজিবর হাওলাদার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিটন হাওলাদারের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঝালকাঠি জেলার রাজাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 











