পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যুক্ত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ৫৮ তম রিজেন্ট বোর্ডের সভায় ‘Faculty of Health Science’ তথা ‘হেলথ সায়েন্স’ অনুষদ প্রতিষ্ঠার প্রস্তাব সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (অ. দা.) ডক্টর রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রস্তাবিত এই অনুষদের অধীনে প্রাথমিকভাবে তিনটি বিভাগ চালুর সিদ্ধান্ত রয়েছে। বিভাগ গুলো হলঃ ১. ফিজিওথেরাপি, ২. ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস, ৩. নার্সিং এন্ড হেলথ সাইন্স।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রোফেসর ডঃ এস. এম. হেমায়েত জাহান বলেন, “এখন বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর অনুমোদন পেলেই পরবর্তী প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে পদক্ষেপ নেয়া হবে।”
সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, পবিপ্রবিতে হেলথ সায়েন্স অনুষদ চালু হলে এটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হবে। এর মাধ্যমে স্বাস্থ্যবিজ্ঞানভিত্তিক উচ্চশিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে এবং দক্ষিণাঞ্চলের শিক্ষার্থীরা উপকৃত হবে।
উল্লেখ্য, পবিপ্রবিতে বর্তমানে কৃষি, মৎস, ভেটেরিনারি, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান, বিজনেস, ইঞ্জিনিয়ারিং, আইন ও ভূমি প্রশাসন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা, সমূদ্র বিজ্ঞানসহ মোট ৯টি অনুষদ রয়েছে। নতুন এই অনুষদ যুক্ত হলে স্বাস্থ্যসেবা খাতে দক্ষ জনবল তৈরিতে বিশ্ববিদ্যালয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: 













