জ্বালানি ও বিদ্যুৎ সংকটের কারণ, তা মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ এবং উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পটুয়াখালীর গলাচিপায় লিফলেট বিতরণ করেছে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল।
রোববার (১৮ অক্টোবর) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গলাচিপা পৌর শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ, সদস্যসচিব মো. ফজলুল হক শাকিল, যুগ্ম আহ্বায়ক মো. জাহিদ হোসেন অভি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আহসান উদ্দিন পরাগ, সদস্যসচিব মো. সাইফুল ইসলামসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ কর্মসূচি সম্পর্কে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আলী জিন্নাহ বলেন, “তেল-গ্যাস ও বিদ্যুৎসহ চলমান সংকটের কারণ এবং তা মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপগুলো জনগণের কাছে তুলে ধরে সচেতনতা সৃষ্টি করাই আমাদের মূল উদ্দেশ্য। বিগত সরকারের বিভিন্ন অনিয়মের কারণে এ সংকট তৈরি হয়েছে। বর্তমান সরকার সংকট নিরসনে যথাসাধ্য চেষ্টা করছে।”
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. ফজলুল হক শাকিল বলেন, “পতিত ফ্যাসিস্ট সরকারের সমর্থকেরা তেল-গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। অথচ তাদের শাসনামলেই এ সংকট তৈরি হয়েছে। সংকট মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপগুলো লিফলেটের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।”
দলীয় নেতারা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জ্বালানি ও বিদ্যুৎ সংকট সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং এ সংকট মোকাবিলায় সরকারের গৃহীত পদক্ষেপ ও পরিকল্পনা সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী: 











