সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহাষ্টমী। এ উপলক্ষে পটুয়াখালীর ১৯৪টি পূজামণ্ডপে মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর পূজা-অর্চনা ও অঞ্জলি প্রদান। শাঁখ, উলুধ্বনি ও ঢাকের বাদ্যে মুখর হয়ে উঠেছে পূজামণ্ডপগুলো। ভক্তদের পদচারণায় বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
সকালে প্রতিটি মণ্ডপে দেবীর মহাষ্টমীর কল্পারম্ভ ও অষ্টমীবিহিত পূজা অনুষ্ঠিত হয়। উপবাস পালন করে ভক্তরা ষোড়শোপচারে দুর্গতিনাশিনী দেবী দুর্গার আরাধনা করেন। পরে অসুরিক শক্তির বিনাশ, বিশ্বশান্তি, মঙ্গল ও কল্যাণ কামনায় দেবীর চরণে অঞ্জলি নিবেদন করেন তাঁরা।
মহাষ্টমীর অন্যতম আকর্ষণ সন্ধিপূজা। এ পূজায় ১০৮টি পদ্মফুল ও ১০৮টি প্রদীপ অর্পণের মাধ্যমে দেবীর আরাধনা করা হয়। ভক্তরা অঞ্জলি প্রদানের মধ্য দিয়ে পাপমুক্তি, আত্মশুদ্ধি এবং নিজেদের মনোবাসনা পূরণের প্রার্থনা করেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দেবী দুর্গার আগমনে পৃথিবী থেকে অশুভ শক্তির বিনাশ হবে এবং শুভ ও কল্যাণের প্রতিষ্ঠা ঘটবে। সেই বিশ্বাস ও ভক্তিকে ধারণ করেই প্রতিবছর মহাষ্টমীর তিথিতে দেবীর আরাধনায় মেতে ওঠেন সনাতন ধর্মাবলম্বীরা।
সুনিল সরকার, পটুয়াখালী: 











