“জলবায়ু সহনশীলতা অর্জনে গণমাধ্যমের সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীর কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।
কর্মশালায় পটুয়াখালীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (অতিরিক্ত সচিব গ্রেড-১) মুহাম্মদ হিরুজ্জামান এনডিসি, জাতীয় গণমাধ্যম ইন্সটিটিউটের পরিচালক ও প্রকল্প পরিচালক ড. মোঃ মারুফ নাওয়াজ এবং জেলা প্রশাসনের কর্মকর্তা সহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় পটুয়াখালীর বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও তরুণ জলবায়ু কর্মীসহ ২৫ জন অংশ নেন। আয়োজকদের আশা, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের জলবায়ু পরিবর্তন, উপকূলীয় ঝুঁকি ও এর বহুমাত্রিক প্রভাব নিয়ে আরও তথ্যসমৃদ্ধ, অনুসন্ধানী, বিজ্ঞানভিত্তিক ও জনসম্পৃক্ত প্রতিবেদন তৈরির সক্ষমতা বাড়বে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, “জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় অঞ্চলে নদীভাঙন, লবণাক্ততা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, জলাবদ্ধতা ও সুপেয় পানির সংকট বাড়ছে। এসব ঝুঁকি এবং মানুষের জীবন-জীবিকায় এর বহুমাত্রিক প্রভাব কার্যকরভাবে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের জলবায়ু বিষয়ক জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই।”
মাহবুবা ফারজানা আরও বলেন, “জলবায়ু পরিবর্তন এখন আর শুধু পরিবেশগত কোনো সংকট নয়; এর সঙ্গে মানুষের জীবন, স্বাস্থ্য, কৃষি, মৎস্য, পানি, বসতি, অর্থনীতি ও জীবিকার বিষয় সরাসরি জড়িত। তাই জলবায়ু বিষয়ক সংবাদ পরিবেশনের ক্ষেত্রে শুধু ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরলেই হবে না; এর পেছনের কারণ, ঝুঁকিতে থাকা মানুষের বাস্তব অভিজ্ঞতা, স্থানীয় অভিযোজন উদ্যোগ, সরকারি পদক্ষেপ এবং সম্ভাব্য সমাধানও গুরুত্বের সঙ্গে তুলে ধরতে হবে।”
তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলায় জনসচেতনতা তৈরির ক্ষেত্রে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে উপকূলীয় ও প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, জলবায়ুজনিত সংকট এবং তাদের অভিযোজনের গল্পগুলো তথ্যনির্ভর ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জাতীয় পর্যায়ে তুলে ধরতে হবে। এজন্য সাংবাদিকদের জলবায়ু পরিবর্তন, ঝুঁকি ও অভিযোজন বিষয়ে নিয়মিত জ্ঞান অর্জনের ওপর গুরুত্ব দিতে হবে।”
সুনিল সরকার, পটুয়াখালী: 








