তৃণমূল পর্যায় থেকে নতুন প্রজন্মের ক্রীড়া প্রতিভা অন্বেষণ, শিশু-কিশোরদের খেলাধুলায় উৎসাহিত করা এবং দেশের ক্রীড়াঙ্গনে দক্ষ খেলোয়াড় তৈরির লক্ষ্যে পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশব্যাপী এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। একই সঙ্গে দেশের অন্যান্য জেলার মতো পটুয়াখালীতেও উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসীন উদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবর রহমান টোটন, পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি মো. জাকির হোসেন, জেলা ক্রীড়া অফিসার মো. মনিরুজ্জামান, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব বখতিয়ার হোসেন মুরাদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, ক্রীড়া সংগঠক ও ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
এর আগে প্রতিযোগিতার উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়; বরং দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে থাকা সম্ভাবনাময় শিশু-কিশোর ক্রীড়াবিদদের খুঁজে বের করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর মাধ্যমে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের চিহ্নিত করে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরিচর্যার সুযোগ তৈরি হবে।
তাঁদের প্রত্যাশা, নিয়মতান্ত্রিক বাছাই ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের মাধ্যমে এ প্রতিযোগিতা থেকে জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় উঠে আসবে। পাশাপাশি নতুন প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে, বিকশিত হবে সুস্থ সংস্কৃতি ও প্রতিযোগিতামূলক মনোভাব। এর মধ্য দিয়ে দেশের ক্রীড়াঙ্গন পাবে নতুন সম্ভাবনাময় প্রতিভা।
পটুয়াখালী প্রতিনিধি: 











