পরীক্ষার খাতায় পাঠ্যবইয়ের প্রশ্নের উত্তর দেওয়ার কথা থাকলেও সেখানে ব্যতিক্রমী এক আবদার জানিয়ে আলোচনার জন্ম দিয়েছেন ফরিদপুরের মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়সাল আলী (১৮)। এইচএসসি প্রাক-নির্বাচনি পরীক্ষার ইসলামের ইতিহাস বিষয়ের উত্তরপত্রে বন্ধুদের জন্য সরকারের কাছে ‘একটি করে বউ’ চেয়ে লিখেছেন নানা কথা। তাঁর এমন অপ্রাসঙ্গিক লেখা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
এ ঘটনায় শিক্ষার্থীর বিরুদ্ধে বিধিমোতাবেক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) পরীক্ষার ফলাফল ঘোষণার দিন বিষয়টি নতুন করে আলোচনায় আসে।
কলেজ সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে এইচএসসি প্রাক-নির্বাচনি পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ১২ অক্টোবর ইসলামের ইতিহাস বিষয়ের পরীক্ষায় অংশ নেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফয়সাল আলী। তিনি মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদি গ্রামের কুবাদ আলীর ছেলে।
পরীক্ষার উত্তরপত্রে তিনি লেখেন, ‘মানুষ কী চায় তা আমি জানি না, কিন্তু আমি জানি বাংলার যুবক আজ বাঁচতে চায়, বাংলার যুবক ভালোবাসা চায়, বাংলার যুবক একটা বউ চায়।’ এরপর নিজের দুই বন্ধু অভি ও ছামির প্রসঙ্গ টেনে শীতকালে স্ত্রী ছাড়া থাকার কষ্টের কথা উল্লেখ করেন। একপর্যায়ে বন্ধুদের জন্য সরকারের কাছে একটি করে বউ দেওয়ার দাবিও জানান তিনি।
উত্তরপত্র মূল্যায়নের সময় ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক বিষয়টি দেখতে পান। পরে তিনি কলেজের অধ্যক্ষকে অবহিত করেন। এরপর থেকেই শিক্ষার্থীর লেখা উত্তরপত্রের অংশবিশেষ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক মো. জাহিদুল ইসলাম বলেন, পরীক্ষায় মোট ৯২ জন শিক্ষার্থী অংশ নেয়। তিন-চার দিন ধরে উত্তরপত্র মূল্যায়নের সময় ওই শিক্ষার্থীর খাতায় এমন লেখা দেখতে পান তিনি। পরে বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানান। তাঁর ভাষ্য, একজন শিক্ষার্থীর কাছ থেকে পরীক্ষার খাতায় এ ধরনের অপ্রাসঙ্গিক লেখা প্রত্যাশিত নয়। বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।
মধুখালী সরকারি আইনউদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার সরকার বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ধরনের আচরণ কোনোভাবেই কাম্য নয়। ওই শিক্ষার্থীর বিরুদ্ধে বিধিমোতাবেক প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে তাঁর বাবাকে কলেজে এসে অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমান বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি আগে অবগত ছিলেন না। কলেজ কর্তৃপক্ষও তাঁকে কিছু জানায়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, পরীক্ষার উত্তরপত্রে এমন ব্যতিক্রমী লেখা শিক্ষার্থীর দায়িত্ববোধ, পরীক্ষার পরিবেশ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখার বিষয়গুলো নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ফরিদপুর প্রতিনিধি: 











