কর্মস্থলে দীর্ঘদিন অননুমোদিতভাবে অনুপস্থিত থাকা, অসদাচরণ, ক্ষমতার অপব্যবহার এবং ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগে পুলিশের ছয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। একই ধরনের অভিযোগে আরও এক সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেন। বিভাগীয় তদন্তে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগ প্রমাণিত হওয়ায় সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বরখাস্ত হওয়া ছয় কর্মকর্তা হলেন—সাবেক অতিরিক্ত ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, সাবেক উপকমিশনার মো. নাজমুল ইসলাম, সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সারোয়ার কবীর সোহাগ ও মো. আরিফুজ্জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম ও রুবাইয়াত জামান। অপরদিকে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে।
সাবেক অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) প্রলয় কুমার জোয়ারদার পুলিশ অধিদপ্তরে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ৬ আগস্ট থেকে কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কাজে যোগ দেওয়ার জন্য একাধিকবার যোগাযোগ এবং নোটিশ পাঠানো হলেও তিনি সাড়া দেননি। বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ২০২৪ সালের ৬ আগস্ট থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
অন্যদিকে, সাবেক ডিএমপি উপকমিশনার মো. নাজমুল ইসলাম বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত থাকাকালে ২০২৫ সালের ১৭ এপ্রিল ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। ২৩ এপ্রিল তার কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর কর্মস্থলে ফেরেননি। তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ২৩ এপ্রিল থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মো. সারোয়ার কবীর সোহাগের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ফৌজদারি অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ২০২১ সালের ২৩ আগস্ট তিনি দুই পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে অনুমতি ছাড়াই দিনাজপুরে একটি অভিযোগ অনুসন্ধানে যান। সেখানে লুৎফর রহমানের বাড়িতে গিয়ে তাকে না পেয়ে তার স্ত্রী জহরা বেগম ও ছেলে জাহাঙ্গীরকে একটি মাইক্রোবাসে তুলে বিভিন্ন স্থানে ঘোরানো হয়।
পরবর্তী সময়ে তাদের একজনের পরিচিত ব্যক্তির বাড়িতে আটকে রেখে মুঠোফোনে টাকা দাবি করা হয়। এ ঘটনায় চিরিরবন্দর থানা পুলিশ তাকে সহযোগীদেরসহ আটক করে। পরবর্তী বিভাগীয় তদন্তে তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
এএসপি মো. আরিফুজ্জামানের বিরুদ্ধে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হয়েছে। তিনি ময়মনসিংহের মুক্তাগাছায় ২-এপিবিএনে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ১৩ অক্টোবর চিকিৎসার জন্য ঢাকায় যাওয়ার অনুমতি নেন। তবে নির্ধারিত হাসপাতালে চিকিৎসা না নিয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার তথ্য দেন।
পরবর্তী সময়ে চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র জমা দিলেও তিনি আর কর্মস্থলে যোগ দেননি। তদন্তে ২০২৪ সালের ১৪ অক্টোবর থেকে তার অননুমোদিত অনুপস্থিতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই তারিখ থেকেই তাকে বরখাস্ত করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এস এম শামীম গাইবান্ধার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত থাকাকালে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর ছুটি নিয়ে কর্মস্থল ত্যাগ করেন। ১৮ সেপ্টেম্বর তার কাজে যোগ দেওয়ার কথা থাকলেও তিনি আর ফেরেননি। সরকারি ও ব্যক্তিগত মুঠোফোন বন্ধ থাকায় কর্তৃপক্ষ তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি। স্থায়ী ঠিকানায় তিনটি নোটিশ পাঠানো হলেও তিনি কর্মস্থলে যোগ দেননি। বিভাগীয় তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
অপরদিকে, অতিরিক্ত পুলিশ সুপার রুবাইয়াত জামান সুনামগঞ্জের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে কর্মরত থাকাকালে ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অনুপস্থিতির সময় তিনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে এক পুলিশ পরিদর্শককে তার দায়িত্ব বুঝে নিতে এবং তাকে অসুস্থ হিসেবে দেখাতে বলেন। পরে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিভাগীয় তদন্তে অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৫ সালের ৩০ জানুয়ারি থেকে তাকে বরখাস্ত করা হয়েছে।
এদিকে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত এএসপি মোহাম্মদ ওবায়দুর রহমানকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, তিনি ২০১৭ সালের ২৯ মে থেকে অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এ বিষয়ে একাধিকবার নির্দেশনা দেওয়া হলেও তিনি কাজে যোগ দেননি।
দীর্ঘদিনের অনুপস্থিতি ও অসদাচরণের অভিযোগে বিভাগীয় তদন্ত শেষে প্রথমে তাকে চাকরি থেকে বরখাস্তের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরবর্তী সময়ে অভিযোগের গুরুত্ব বিবেচনায় শাস্তির ধরন পরিবর্তন করে বাধ্যতামূলক অবসরের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের পরামর্শ এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 











