পটুয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ বাউফল উপজেলার বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পটুয়াখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকায় তাঁর বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী, বাউফল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল নিয়াজী এবং উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়ের নেতৃত্বে বাউফল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। এতে পটুয়াখালী জেলা পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন।
গ্রেপ্তার অ্যাডভোকেট শাহাবুদ্দিনের বাড়ি বাউফল উপজেলার বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, দেশে অস্থিরতা সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
বগা তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মো. জয়নাল আবেদিন জানান, ২০২৫ সালে সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড সংক্রান্ত আইনে অ্যাডভোকেট শাহাবুদ্দিনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছিল। মামলাটির নম্বর ৪২, তারিখ ২৫ জুন ২০২৫।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাঁকে পটুয়াখালী সদর থানা পুলিশের হেফাজতে রাখা হয়। পরদিন শনিবার (২৮ নভেম্বর) বিকেলে তাঁকে পটুয়াখালী আদালতে হাজির করা হলে আদালত সন্ধ্যায় তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
জালাল আহমেদ: 











