খুলনা নগরীর শিববাড়ী মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি মো. আকাশকে (২৩) গ্রেপ্তার করেছে সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নগরীর শেখপাড়া স্টাফ কোয়ার্টার্স এলাকার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর ভোর আনুমানিক ৪টা ১৫ মিনিটে শিববাড়ী মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে নিরাপত্তার দায়িত্ব পালনকালে সেখানে পেট্রোল নিক্ষেপ করে আগুন দেওয়ার চেষ্টা চালানো হয়। এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার নম্বর ১০, তারিখ ১১ নভেম্বর ২০২৬। জিআর নম্বর ২৬৩।
গ্রেপ্তার মো. আকাশ নগরীর শেখপাড়া স্টাফ কোয়ার্টার্স এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত খোরশেদ আলম এবং মাতার নাম ছকিনা বেগম।
পুলিশের দাবি, গ্রেপ্তারের পর আসামিকে জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত পাওয়া গেছে। পাশাপাশি এ ঘটনার পেছনে থাকা সম্ভাব্য পরিকল্পনাকারী, অর্থের জোগানদাতা, মদদদাতা এবং অন্যান্য সহযোগীদেরও শনাক্ত করা হয়েছে। তাদের আইনের আওতায় আনতে তদন্তের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ জানিয়েছে, জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো অপচেষ্টা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনার প্রচেষ্টা চলছে।
আল-মাহফুজ শাওন, খুলনা: 











