দেশের নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারগুলোর আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রম আগামী ১৭ ডিসেম্বরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। দেশব্যাপী প্রায় ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে একটি কেন্দ্রীয় ডেটাবেজ তৈরির লক্ষ্যে কাজ চলছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সমাজসেবা অধিদপ্তরের এক নির্দেশনায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে নির্ভুলভাবে তথ্য সংগ্রহ শেষ করতে বলা হয়েছে। গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এ কার্যক্রমে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন।
দ্য ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত ৫৯ লাখ ১৬ হাজার ৭৯৬টি পরিবারের তথ্য সংগ্রহ করা হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, প্রাথমিকভাবে শনাক্ত পরিবারগুলোর তালিকা ইউনিয়ন পরিষদের নোটিশ বোর্ড ও জনসমাগমস্থলে প্রকাশ করতে হবে। এরপর ওয়ার্ড সভায় সামাজিক নিরীক্ষা, গণশুনানি ও সরেজমিন তদন্তের মাধ্যমে উপকারভোগী নির্বাচন করা হবে। তালিকা নিয়ে কোনো অভিযোগ পাওয়া গেলে তা ১০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করতে হবে। উপজেলা বা শহর কমিটির সিদ্ধান্তে সংক্ষুব্ধ ব্যক্তিরা ৩০ দিনের মধ্যে জেলা কমিটির কাছে আপিল করতে পারবেন।
কর্মসূচির আওতায় নারী পরিবারপ্রধানকে অগ্রাধিকার দিয়ে প্রকৃত দরিদ্র ও অসচ্ছল পরিবার নির্বাচন করা হবে। এ ক্ষেত্রে পরিবারের আয়, সম্পদ ও আর্থসামাজিক অবস্থা বিবেচনায় নিয়ে প্রক্সি মিন্স টেস্ট (পিএমটি) পদ্ধতি অনুসরণ করা হবে।
সরকারের তথ্য অনুযায়ী, চলতি ২০২৬-২৭ অর্থবছরে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পর্যায়ক্রমে যোগ্য পরিবারগুলোকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন হলে প্রকৃত দরিদ্র পরিবারগুলো সরকারি সামাজিক সুরক্ষা সুবিধার আওতায় আসার সুযোগ পাবে।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 











