গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা, প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন এবং স্থানীয় পর্যায়ে নিরাপদ প্রাণিজ আমিষের উৎপাদন ও সরবরাহ বাড়ানোর লক্ষ্যে পটুয়াখালীর মির্জাগঞ্জে পালিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি দপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমিনুল ইসলাম সোহাগ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি আনোয়ার হোসেন সিকদার ও আমিনুল ইসলাম খোকন। এ ছাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসাইন ফরাজী, সাংগঠনিক সম্পাদক জয়নুল আবেদীন সুজন এবং দলীয় নেতা হাসিবুল গনি মনির খন্দকার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মির্জাগঞ্জ ডেইরি ফার্মের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন হাওলাদার।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও প্রাণিজ আমিষের উৎপাদন বৃদ্ধিতে আধুনিক, বিজ্ঞানসম্মত এবং স্বাস্থ্যসম্মত পদ্ধতিতে গবাদিপশু পালন ও পোল্ট্রি খামার পরিচালনার বিকল্প নেই। এ ক্ষেত্রে প্রচলিত সনাতন পদ্ধতির পরিবর্তে উন্নত প্রযুক্তি, সঠিক পরিচর্যা, উন্নত জাতের পশু-পাখি নির্বাচন এবং রোগ প্রতিরোধমূলক ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে।
বক্তারা আরও বলেন, প্রান্তিক ও ক্ষুদ্র খামারিদের নিয়মিত কারিগরি পরামর্শ, চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদ খাতে উৎপাদনশীলতা বাড়বে। পাশাপাশি নতুন উদ্যোক্তা সৃষ্টি ও খামার ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে স্থানীয় পর্যায়ে দুধ, ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।
তাঁরা প্রাণিসম্পদ খাতকে শুধু খাদ্য ও পুষ্টির উৎস হিসেবে নয়, বরং গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব হ্রাস এবং মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও উল্লেখ করেন।
অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাণিসম্পদ ও ভেটেরিনারি বিভাগের কর্মী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, দুগ্ধ খামারের মালিক, পোল্ট্রি উদ্যোক্তা এবং তৃণমূল পর্যায়ের সফল খামারিরা উপস্থিত ছিলেন।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালনের মধ্য দিয়ে মির্জাগঞ্জে প্রাণিসম্পদ খাতের সম্ভাবনা তুলে ধরা এবং আধুনিক খামার ব্যবস্থাপনায় খামারি ও উদ্যোক্তাদের আরও উৎসাহিত করার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
বাপ্পি চন্দ্র, মির্জাগঞ্জ, পটুয়াখালী: 











