‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গোপালগঞ্জ শহরের মানিকদাহ হাউজিং মাঠে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রাণিসম্পদ কার্যালয়।
অনুষ্ঠান উপলক্ষে সকালে মাঠ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে ফিতা কেটে ও কবুতর উড়িয়ে প্রাণিসম্পদ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জি এম সরফরাজ। পরে তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রদর্শনীর ২১টি স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন খামার ও প্রাণিসম্পদ ভিত্তিক পণ্যের বিষয়ে খোঁজখবর নেন।
এরপর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গোপালগঞ্জ আইএলএসটির সিনিয়র ইনস্ট্রাক্টর ডা. প্রিয়াংকা রানী মোদক সভাটি সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক জি এম সরফরাজ। খামারিদের পক্ষ থেকে বক্তব্য দেন মো. ইয়াহিয়া।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি কর্মকর্তা ডা. ফকির এফএমএ মালেক, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. ছরোয়ার হোসেন সিকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সঞ্জয় কুমার কুণ্ডু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. ভবেন চন্দ্র বাইনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, খামারি ও আমন্ত্রিত অতিথিরা।
সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোবিন্দ চন্দ্র সরদার বলেন, প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করার লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দেশের উৎপাদিত প্রাণিজ পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে কাজী হ্যাচারির মাধ্যমে নাইজেরিয়ায় হ্যাচিং ডিম রপ্তানি করা হয়েছে। উল্লেখ্য, কাজী হ্যাচারির মালিকের বাড়ি গোপালগঞ্জ জেলায়।
তিনি আরও বলেন, বর্তমানে দই, মিষ্টি, রসমালাই, মাংসসহ বিভিন্ন প্রাণিজ পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে। প্রাণিসম্পদ খাতকে শুধু অভ্যন্তরীণ উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ না রেখে আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
আধুনিক খামার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, খামারিদের দক্ষ ও প্রযুক্তিনির্ভর করে গড়ে তুলতে হবে। প্রাণিসম্পদ খাতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনা পদ্ধতির সঙ্গে খামারিদের পরিচিত করানোর জন্যই এ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে খামারিরা নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে পারবেন এবং নিজেদের খামার ব্যবস্থাপনায় তা কাজে লাগাতে পারবেন।
আয়োজকদের প্রত্যাশা, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর মাধ্যমে আধুনিক খামার ব্যবস্থাপনা, নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন এবং প্রাণিসম্পদজাত পণ্যের রপ্তানি সম্ভাবনা সম্পর্কে খামারি ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়বে। পাশাপাশি দেশের প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সাইফুল ইসলাম, গোপালগঞ্জ: 











