বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নতুন বাজারের টিনপট্টিতে অবস্থিত গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে জেলা গণঅধিকার পরিষদের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সৈয়দ মো. নজরুল ইসলাম লিটু। সভা সঞ্চালনা করেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের সমাজসেবা সম্পাদক রাজিব হোসেন হাওলাদার।
আলোচনা সভায় বক্তব্য দেন জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শাহ আলম সিকদার, ঢাকা উত্তর শাখা গণঅধিকার পরিষদের সাবেক নেতা মো. মিজানুর রহমান, দশমিনা উপজেলা শাখার সভাপতি মো. আলতাফ হোসেন, জেলা শাখার দপ্তর সম্পাদক আব্দুল কায়ুম এবং জেলা যুব অধিকার পরিষদের সভাপতি সাইফুল ইসলাম রুম্মান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট পাপড়ি আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সাবেকুন নাহার হাসি ও উর্মি ইসলাম এবং জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রুবেল মাহমুদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আয়োজনে শত শত নেতাকর্মীর উপস্থিতি দেখা যায়।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতিমন্ত্রী নুরের হাতে গড়া সংগঠন গণঅধিকার পরিষদের একজন কর্মী হতে পেরে তাঁরা গর্বিত। তাঁরা সত্য ও ন্যায়ের পথে থেকে জনগণের কল্যাণে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সংগঠনকে আরও এগিয়ে নিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সৈয়দ মো. নজরুল ইসলাম লিটু ও সাধারণ সম্পাদক শাহ আলম সিকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
জালাল আহমেদ: 











