পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে জেলেদের হামলায় এক পুলিশ সদস্য ও এক স্পিডবোটচালক আহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার রতনদী তালতলী ইউনিয়নসংলগ্ন বুড়াগৌরঙ্গ নদীতে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য মো. জসিম ও স্পিডবোটচালক মো. শাহজালালকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এলাকাবাসী ও মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গলাচিপার পানপট্টি লঞ্চঘাট থেকে আগুনমুখা, তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকারের খবর পেয়ে শুক্রবার বিকেল থেকে অভিযান শুরু করে মৎস্য বিভাগ ও পুলিশ। এ সময় তাঁরা ট্রলার ও স্পিডবোট নিয়ে নদীগুলোতে অভিযান পরিচালনা করেন।
সন্ধ্যার দিকে রতনদী তালতলী ইউনিয়নসংলগ্ন বুড়াগৌরঙ্গ নদীতে অবৈধভাবে পাতা দুটি জাল উদ্ধারের চেষ্টা করা হয়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রলার থেকে বৈঠা দিয়ে অভিযান পরিচালনাকারীদের ওপর হামলা চালানো হয়। এতে পুলিশ সদস্য মো. জসিম ও স্পিডবোটচালক মো. শাহজালাল আহত হন।
গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, “বুড়াগৌরঙ্গ নদীতে একটি ট্রলারে ১০ থেকে ১২ জন জেলে অবৈধভাবে মা ইলিশ শিকার করছিলেন। তাঁরা নদীতে জাল ফেলে কোথাও লুকিয়ে ছিলেন। জালগুলো উদ্ধারের সময় হঠাৎ বিপরীত দিক থেকে দ্রুতগতির একটি ট্রলার এসে কিছু বুঝে ওঠার আগেই হামলা চালায়। সন্ধ্যা হওয়ায় হামলাকারীদের কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় একজন পুলিশ সদস্য ও স্পিডবোটচালক আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে অভিযান অব্যাহত রয়েছে।”
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, “আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।”
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী: 











