খুলনার ডুমুরিয়ায় অবৈধভাবে ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত ও অন্য পশুর মাংস হিসেবে বিক্রির অভিযোগে আনিসুর রহমান পলাশ (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে এসআরবি-৬। পরে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার এবং উপস্থাপিত আলামতের ভিত্তিতে তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার কাঞ্চনপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত পলাশ ওই গ্রামের মৃত লুৎফর রহমান মাহমুদের ছেলে।
এসআরবি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ডুমুরিয়া ও আশপাশের এলাকায় ঘোড়া জবাই করে মাংস প্রস্তুত এবং তা অন্য পশুর মাংস হিসেবে সরবরাহের অভিযোগ পাওয়া যাচ্ছিল। এ বিষয়ে প্রায় দুই মাস ধরে তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণের পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় এসআরবি। অভিযানে নেতৃত্ব দেন এসআরবি-৬-এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিহাদ।
পরে শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আটক ব্যক্তিকে ডুমুরিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সোহেল রানার আদালতে হাজির করা হয়। আদালত সূত্রে জানা যায়, অপরাধ স্বীকার এবং উপস্থাপিত আলামত বিবেচনায় তাঁকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এসআরবি-৬-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ জিহাদ জানান, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা এবং প্রতারণামূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানাও জানান, “অপরাধ স্বীকার ও উপস্থাপিত আলামতের ভিত্তিতে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে।”
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছিল। এ ঘটনায় স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
খুলনা প্রতিনিধি: 











