পটুয়াখালীর গলাচিপায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্যাপনের লক্ষ্যে বিভিন্ন পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক এমপি।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গলাচিপা উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের অডিটোরিয়ামে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।
সভায় উপস্থিত ছিলেন গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ গোলাম মোস্তফা, গণঅধিকার পরিষদের সাবেক সদস্যসচিব জাকির হোসেন মুন্সী, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মো. কাওসার, কালীবাড়ি কমিটির আহ্বায়ক রামু পাল ও সদস্যসচিব সুখরঞ্জন বণিক, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি শংকরলাল দাস, পৌর পূজা উদ্যাপন কমিটির সম্পাদক সঞ্জয় কুমার পাল এবং কালীবাড়ি কমিটির সদস্য ও সাবেক বণিক সমিতির সম্পাদক তাপস দত্তসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় পূজামণ্ডপের নেতৃবৃন্দ তাঁদের মতামত, প্রত্যাশা ও বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
সভায় আসন্ন দুর্গোৎসব সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার বিষয়টি গুরুত্ব পায়।
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী: 











