পটুয়াখালীর গলাচিপায় উৎসবমুখর পরিবেশে পৌর কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন এলাকার মোট ২৪টি দল আটটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে। এ আয়োজনকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল ৩টায় গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক এমপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মোহাম্মদ ইজাজুল হক, গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন মুন্সী, গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইমন রহমান এলিট, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আবু বাকার শিবলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ক্রীড়াপ্রেমীরা।
গলাচিপা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মহিবুল্লাহ এনিমের উদ্যোগ ও আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে গত ১৩ অক্টোবর মঙ্গলবার গলাচিপা পৌর মঞ্চে টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলোর জার্সি উন্মোচন ও পৌর কাপ প্রদর্শন করা হয়। পরে ট্রফি নিয়ে রোড শো এবং সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজকদের প্রত্যাশা, এ টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার ঘটবে, তরুণেরা খেলাধুলায় আরও উৎসাহিত হবে এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার হবে। টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যে এলাকায় ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী: 











