নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা আর ফুলেল শুভেচ্ছায় মুখর হয়ে উঠল পটুয়াখালীর গলাচিপা সরকারি কলেজ প্রাঙ্গণ। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। ফুল দিয়ে স্বাগত জানানোর মধ্য দিয়ে নবীনদের কলেজজীবনের নতুন অধ্যায়কে স্মরণীয় করে তুলতে এ আয়োজন করা হয়।
বৃহস্পতিবার দুপুর ১২টায় কলেজের অডিটরিয়ামে গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি এইচ এম আবু জাফর। প্রধান বক্তা ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহসাধারণ সম্পাদক সাইদুর রহমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হল শাখা ছাত্রদলের আহ্বায়ক আল হাদী মায়েদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গলাচিপা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুহ নাসির উল্লাহ হাবিব। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক তাইম ইসলাম বাপ্পি।
নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানে তাদের নতুন শিক্ষাজীবনের সূচনাকে স্বাগত জানানো হয়। কলেজজীবনের এই নতুন পথচলায় শিক্ষার্থীরা জ্ঞান, দক্ষতা ও সাফল্য অর্জনের মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলবে—এমন প্রত্যাশা নিয়ে আয়োজনটি সম্পন্ন হয়।
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী: 











