শারদীয় দুর্গোৎসবকে ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার সুবিদখালী বাজারে। সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে সুবিদখালী বাজার সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির কমপ্লেক্সের ১৪৩৩ বঙ্গাব্দের (২০২৬ খ্রিষ্টাব্দ) জন্য ৫১ সদস্যবিশিষ্ট পূজা উদ্যাপন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন নিখিল চন্দ্র রায় এবং সাধারণ সম্পাদক হয়েছেন সুব্রত সাহা। কমিটির অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন স্থানীয় সমাজসেবী ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
কমিটির সহসভাপতি হিসেবে রয়েছেন রিপন কর্মকার, রতন রায়, মিলন দেবনাথ, লিটন চন্দ্র দাস ও বাবুল কর্মকার। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন পার্থ সারথী পোদ্দার (মিঠু) ও সুমন কর্মকার। এ ছাড়া কোষাধ্যক্ষ বিজয় চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক অর্জুন ঋষি, দপ্তর সম্পাদক অন্ত কর্মকার, প্রচার সম্পাদক তরুন কর্মকার এবং সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সুভাষ কর্মকার। কমিটির অন্য সদস্যরা সাধারণ সদস্য হিসেবে পূজার সার্বিক আয়োজন ও ব্যবস্থাপনায় সহযোগিতা করবেন।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, দুর্গোৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সম্মিলিতভাবে কাজ করা হবে। পূজার আনুষ্ঠানিকতা, ভক্তদের অংশগ্রহণ এবং সার্বিক ব্যবস্থাপনায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে, যাতে সব বয়সী মানুষ নির্বিঘ্নে উৎসবের আনন্দ উপভোগ করতে পারেন।
উল্লেখ্য, ১৬ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে এবারের শারদীয় দুর্গোৎসব। এরপর যথাক্রমে মহাসপ্তমী, মহাষ্টমী ও মহানবমীর আনুষ্ঠানিকতা শেষে ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের এ উৎসবের সমাপ্তি ঘটবে।
সুবিদখালী বাজার সর্বজনীন শ্রীশ্রী দুর্গা মন্দির কমপ্লেক্সের নেতৃবৃন্দ সব ধর্মের মানুষকে দুর্গোৎসবের আনন্দে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। তাঁদের প্রত্যাশা, ধর্মীয় উৎসবটি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে।
বাপ্পি চন্দ্র, মির্জাগঞ্জ, পটুয়াখালী: 











