প্রায় দীর্ঘ ৬ বছর পর পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলা যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ২৬ আগস্ট ২০২৬ তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এই কমিটি অনুমোদন করেন। নতুন এই কমিটি আসার মধ্য দিয়ে দীর্ঘদিনের স্থবিরতা কেটে উপজেলায় সংগঠনের কার্যক্রম গতিশীল হবে বলে আশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।
এর আগে, ২০২১ সালের ১৩ মার্চ মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল। নিয়ম অনুযায়ী আহ্বায়ক কমিটি গঠনের ৩ থেকে ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার কথা থাকলেও, দীর্ঘ ৬ বছর পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন হয়নি। দীর্ঘ সময় ধরে একই আহ্বায়ক কমিটি বহাল থাকায় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমের গতি অনেকটা কমে যায়।
নেতাকর্মীদের অভিযোগ ছিল, পূর্ণাঙ্গ কমিটি না থাকায় নতুন নেতৃত্ব তৈরি বাধাগ্রস্ত হচ্ছিল এবং তৃণমূল পর্যায়ে দলের বার্তা পৌঁছানো ও কর্মসূচি বাস্তবায়নে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করতেন, দীর্ঘদিন একই কমিটি দিয়ে দল পরিচালনা গণতান্ত্রিক চর্চার পরিপন্থী এবং এর ফলে তৃণমূলে নেতৃত্ব সংকট তৈরি হচ্ছিল।
কেন্দ্রীয় নির্বাহী কর্তৃক অনুমোদিত নতুন এই আংশিক কমিটিতে সভাপতি পদে গাজী রাশেদ শামস্, সিনিয়র সহ-সভাপতি পদে মো. নাসির উদ্দিন হাওলাদার, সহ-সভাপতি পদে মো. আবু বকর সিদ্দিক চৌধুরী, সাধারণ সম্পাদক পদে গাজী আতাউর রহমান ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইঞ্জিনিয়ার মাহীন হাদী স্থান পেয়েছেন।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. মাইনুল ইসলাম শাহীন ও দপ্তর সম্পাদক পদে ইব্রাহীম হোসেন জুয়েল মৃধা স্থান পেয়েছেন।
কেন্দ্রীয় দপ্তরের নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ (ত্রিশ) দিনের মধ্যে সংশ্লিষ্ট উপজেলা যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা কেন্দ্রীয় দপ্তরে প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
নতুন এই কমিটি গঠনের মাধ্যমে মির্জাগঞ্জ উপজেলা যুবদলের রাজনীতিতে দীর্ঘদিনের স্থবিরতা কেটে নতুন উদ্দীপনা ও গতিশীলতা ফিরে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বাপ্পি চন্দ্র, মির্জাগঞ্জ, পটুয়াখালী: 











