পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) র্যাগিংয়ের ঘটনা তদন্তে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে ঘটে যাওয়া র্যাগিংয়ের ঘটনা তদন্তে এ কমিটি গঠন করা হয়।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুযায়ী, বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে বিজয়-২৪ হলে র্যাগিংয়ের ঘটনা ঘটে। ঘটনাটির সুষ্ঠু তদন্তের লক্ষ্যে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানকে আহ্বায়ক করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আবুল বাশার খান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক এবং সহকারী প্রক্টর মো. আব্দুর রহিম এবং ডিজাস্টার রেজিলিয়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও বিজয়-২৪ হলের সহকারী হল প্রভোস্ট মো. ফয়সাল। এছাড়া পোষ্ট হারভেস্ট টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিজয়-২৪ হলের সহকারী হল প্রভোস্ট মো. নজরুল ইসলামকে সদস্য-সচিব করা হয়েছে।
তদন্ত কমিটিকে র্যাগিংয়ের ঘটনার কারণ উদঘাটন, জড়িতদের চিহ্নিতকরণ, অপরাধের মাত্রা নির্ধারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় বিষয়ে সুপারিশ ও সুস্পষ্ট মতামত দিতে বলা হয়েছে।
আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটির তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর এর অনুমোদনক্রমে এ অফিস আদেশ জারি করা হয়েছে।
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: 











