জাতীয় পর্যায়ের স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ইনোভেশন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছে পটুয়াখালীর গলাচিপা নূতন জামে মসজিদ সংলগ্ন (এনজেড) আলিম মাদ্রাসা।
উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিনির্ভর প্রকল্পের মাধ্যমে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা দেশের সেরা দশের মধ্যে স্থান অর্জন করে গলাচিপাসহ সমগ্র পটুয়াখালীর জন্য গৌরব বয়ে এনেছে। প্রতিযোগিতায় মাদ্রাসার শিক্ষার্থী তানজিম ও তার দল “নবায়নযোগ্য শক্তিনির্ভর আদর্শ নগর” শীর্ষক প্রকল্প নিয়ে অংশগ্রহণ করে।
পরিবেশবান্ধব ও টেকসই নগর গঠনের ধারণাভিত্তিক তাদের এ প্রকল্পটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য উদ্ভাবনী প্রকল্পের মধ্যে বিচারকদের প্রশংসা কুড়িয়ে জাতীয় পর্যায়ে সেরা ১০-এ স্থান করে নেয়।
এর আগে তারা উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় সফলভাবে উত্তীর্ণ হয়ে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ অনুষ্ঠিত জাতীয় সায়েন্স প্রজেক্ট প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ লাভ করে। সেখানে নিজেদের প্রকল্প উপস্থাপন করে জাতীয় পর্যায়ে দশম স্থান অর্জন করে দলটি।
এই সাফল্যের স্বীকৃতিস্বরূপ শিক্ষার্থীরা পুরস্কার গ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হাত থেকে।
এ অর্জনে এনজেড আলিম মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীদের এমন সাফল্য ভবিষ্যতে বিজ্ঞান ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও বেশি তরুণকে উৎসাহিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী: 













