পটুয়াখালীর দশমিনায় সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গাছ কাটার সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বন বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে গাছ কাটার কাজে ব্যবহৃত একটি হাতকরাত ও দুটি দা জব্দ করা হয়েছে। সংরক্ষিত বনাঞ্চলের গাছপালা রক্ষায় বন বিভাগের চলমান অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে দশমিনা রেঞ্জের চরহায়দার ফরেস্ট ক্যাম্পের আওতাধীন চরহায়দার মৌজার সংরক্ষিত বন বাগানে এ অভিযান চালানো হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, বন অপরাধ দমনে চলমান সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। চরহায়দার ফরেস্ট ক্যাম্পের বিট কর্মকর্তা মো. ইলিয়াস হোসেনের নেতৃত্বে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সংরক্ষিত বনাঞ্চলে গাছ কাটার সময় দুই ব্যক্তিকে আটক করে। পরে ঘটনাস্থল থেকে গাছ কাটার কাজে ব্যবহৃত একটি হাতকরাত ও দুটি দা জব্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—ভোলার লালমোহন উপজেলার গজারিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কচুয়াখালী গ্রামের অজুদ মাঝির ছেলে মো. শাহাবুদ্দিন এবং একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গজারিয়া গ্রামের মো. কামাল উদ্দিনের ছেলে মো. রফিকুল ইসলাম।
বন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত বন আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। সংরক্ষিত বনাঞ্চলের গাছপালা, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধভাবে গাছ কাটা ও বনজ সম্পদ ধ্বংসের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বনাঞ্চল রক্ষায় অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর নজরদারি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মোঃ রাকিবুজ্জামান, দশমিনা, পটুয়াখালী: 











