গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে চারটি যানবাহনের সংঘর্ষে শহিদুল ইসলাম (৩৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। নিহত শহিদুল ইসলাম কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভাটিয়াপাড়া মোড়ে উল্টো পথে মোড় নিতে গিয়ে প্রথমে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটি সামনে দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। পরে দোলা পরিবহনের বাসটি সামনে থাকা আরেকটি লোকাল বাসের ওপর গিয়ে পড়ে।
এ সময় দুর্ঘটনাস্থলের পাশেই একটি ইঞ্জিনচালিত ভ্যানগাড়ি নিয়ে অবস্থান করছিলেন চালক শহিদুল ইসলাম। সংঘর্ষের এক পর্যায়ে তিনি দোলা পরিবহনের বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. রাজিব চার যানবাহনের সংঘর্ষে ভ্যানচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনাটি কিছুক্ষণ আগে ঘটেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে পরে জানাতে পারবেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
গোপালগঞ্জ প্রতিনিধি: 











