পিরোজপুরে নিহত বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদান এবং তাঁর প্রতি অসম্মানজনক আচরণের প্রতিবাদে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বীর মুক্তিযোদ্ধারা।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে পটুয়াখালী প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মুক্তিযোদ্ধা সংসদ পটুয়াখালী জেলা ইউনিট কমান্ডের সদস্য বীর মুক্তিযোদ্ধা অতুল চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা এমএ জব্বার খান ও মো. সিরাজুল আলম মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, একজন বীর মুক্তিযোদ্ধা দেশের স্বাধীনতা অর্জনে অসামান্য অবদান রেখেছেন। তাঁর জানাজা ও দাফনের মতো ধর্মীয় ও মানবিক কর্মসূচিতেও বাধা প্রদান এবং অসম্মানজনক আচরণের অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনা জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।
তাঁরা আরও বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ও অবদানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা রাষ্ট্র ও সমাজের নৈতিক দায়িত্ব। বীর মুক্তিযোদ্ধার সঙ্গে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
সমাবেশ থেকে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা প্রদানের ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দেশের সব বীর মুক্তিযোদ্ধার সম্মান ও মর্যাদা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।
মানববন্ধন শেষে বক্তারা এ ঘটনার প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
সুনিল সরকার, পটুয়াখালী: 








