পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির ২০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সমিতির কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের কল্যাণ নিশ্চিত করা এবং সাংগঠনিক উন্নয়নকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আয়োজিত এ সভায় বিগত দিনের কার্যক্রমের মূল্যায়ন, বার্ষিক আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির নিজস্ব ভবনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সভাপতি মো. আবু জাফরের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক কীর্তিবাস চন্দ্র পাল (বিদ্যুৎ)।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা সমবায় কর্মকর্তা সুব্রত কুমার ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা সমবায় কর্মকর্তা মো. হারুন অর রশিদ, কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউর হাকিম বাবু আকন, কালিকাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. হাবিবুর রহমান (জলিল) এবং কালিকাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. সোহেল মৃধা।
সভা শুরুতে সমিতির যেসব সদস্য ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। এরপর সমিতির সাধারণ সম্পাদক কীর্তিবাস চন্দ্র পাল (বিদ্যুৎ) বিগত সময়ের আয়-ব্যয়ের হিসাব, সমিতির বিভিন্ন কার্যক্রম এবং অর্জিত অগ্রগতির বিষয়গুলো সভায় উপস্থাপন করেন।
এ সময় সমিতির আর্থিক ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও গতিশীল করা, সদস্যদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, পারস্পরিক সহযোগিতা জোরদার এবং সমিতির সার্বিক উন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত সদস্য ও অতিথিরা। পাশাপাশি ভবিষ্যতে সমিতির কার্যক্রম আরও সম্প্রসারণ ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির বর্তমান সাধারণ সদস্যসংখ্যা ২ হাজার ৬০০ জন। ছয় সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটির মাধ্যমে সমিতির কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০০৬ সালে প্রতিষ্ঠিত এ সমিতি ২০০৭ সালের ১ ফেব্রুয়ারি ‘০৭ পি.ডি’ নিবন্ধন নম্বরে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয়। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষক-কর্মচারীদের পারস্পরিক সহযোগিতা ও কল্যাণে সমিতিটি কার্যক্রম পরিচালনা করে আসছে।
পটুয়াখালী জেলা প্রতিনিধি: 






