‘হাত ধোয়ার নায়ক হোন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার ডুমুরিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়ার নিয়মাবলি প্রদর্শন এবং আলোচনা সভার আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় সাবান দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. শাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবিতা সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফ হোসেন, ইন্সট্রাক্টর মোসলেম আলীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শতাধিক শিক্ষার্থী, সুধীজন ও সাংবাদিকেরা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সবিতা সরকার বলেন, রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধে সঠিক নিয়মে ও নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়া সবচেয়ে সহজ, সাশ্রয়ী ও কার্যকর উপায়গুলোর একটি। সুস্থ থাকতে হলে হাত ধোয়ার অভ্যাসকে দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, নিরাপদ পানি, উন্নত স্যানিটেশন ব্যবস্থা এবং সাবান দিয়ে হাত ধোয়ার পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করা গেলে বিভিন্ন রোগের সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। বিশেষ করে শিশুদের মধ্যে ছোটবেলা থেকেই সঠিকভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন। এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।
আয়োজকরা জানান, হাতের মাধ্যমে বিভিন্ন রোগজীবাণু ছড়িয়ে পড়তে পারে। তাই খাবার গ্রহণের আগে, শৌচাগার ব্যবহারের পর এবং দৈনন্দিন বিভিন্ন কাজের পর সাবান ও নিরাপদ পানি দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা জরুরি। শুধু দিবস পালনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে নিয়মিত হাত ধোয়ার চর্চা সবার জীবনে প্রতিষ্ঠিত করাই এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য।
বর্ণাঢ্য র্যালি, হাত ধোয়ার প্রদর্শনী ও আলোচনা সভার মধ্য দিয়ে ডুমুরিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবসের কর্মসূচি শেষ হয়। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
খান আরিফুজ্জামান নয়ন, ডুমুরিয়া, খুলনা: 











