গোপালগঞ্জের কাশিয়ানীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এনায়েত শেখ (৬০) নামে এক বাস মালিকের মৃত্যু হয়েছে। পেছন থেকে অন্য একটি বাসের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে নিজের মালিকানাধীন বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান তিনি। রোববার (২৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এনায়েত শেখ কাশিয়ানী উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার বাসিন্দা। তিনি জিএমএস পরিবহণের একটি বাসের মালিক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা এনায়েত শেখের মালিকানাধীন জিএমএস পরিবহণের বাসটি মাঝিগাতী বাসস্ট্যান্ডে পৌঁছে ব্রেক করে। এ সময় পেছন থেকে নড়াইল এক্সপ্রেসের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে জিএমএস পরিবহণের বাসের দরজার কাছে দাঁড়িয়ে থাকা এনায়েত শেখ ছিটকে সড়কে পড়ে যান। এ সময় নিজের মালিকানাধীন বাসের চাপায় গুরুতর আহত হন তিনি।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সার্জেন্ট নৃপেন দাস দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।
নিজের মালিকানাধীন পরিবহণের বাসেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় এনায়েত শেখের মৃত্যুতে এলাকায় শোকের আবহ তৈরি হয়েছে।
গোপালগঞ্জ প্রতিনিধি: 












