একসময় খাল, পুকুর ও দিঘিবেষ্টিত সবুজ নগরী হিসেবে পরিচিত ছিল বরিশাল। নগরজুড়ে ছড়িয়ে থাকা এসব জলাশয় ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃষ্টির পানি ধারণ, ভূগর্ভস্থ পানির স্তর পুনর্ভরণ এবং অগ্নিনির্বাপণের অন্যতম প্রধান ভরসা। কিন্তু সময়ের সঙ্গে অপরিকল্পিত নগরায়ণ, দখল ও ভরাটের কারণে হারিয়ে যাচ্ছে বরিশালের ঐতিহ্যবাহী জলাশয়গুলো। সরকারি-বেসরকারি মিলিয়ে একসময় থাকা প্রায় দুই হাজার পুকুর ও দিঘির ৯০ শতাংশই এখন ভরাট হয়ে গেছে। একই সঙ্গে নগরীর ২৪টি খালের মধ্যে সাতটির অস্তিত্ব পুরোপুরি বিলীন এবং ১৩টি খাল প্রায় মৃতপ্রায়। বর্তমানে মাত্র চারটি খালে পানিপ্রবাহ রয়েছে।
জলাশয়ের এমন সংকটের প্রভাব পড়ছে নগরজীবনের নানা ক্ষেত্রে। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা, কমছে ভূগর্ভস্থ পানির স্তর। পাশাপাশি অগ্নিকাণ্ডের সময় পর্যাপ্ত পানি সংগ্রহ করতে গিয়ে বিপাকে পড়ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ফলে ক্রমেই পরিবেশগত ও নাগরিক নিরাপত্তার ঝুঁকিতে পড়ছে বরিশাল নগরী।
প্রাপ্ত তথ্যমতে, আশির দশকের আগে বরিশাল নগরে সরকারি-বেসরকারি মিলিয়ে প্রায় দুই হাজার পুকুর ও দিঘি ছিল। ২০১১ সালে প্রণীত বরিশাল সিটি করপোরেশনের মহাপরিকল্পনা অনুযায়ী, নগরে সরকারি ও শিক্ষাপ্রতিষ্ঠানের মালিকানাধীন পুকুর ছিল ৪৩৬টি। দখল ও ভরাটের ধারাবাহিকতায় বর্তমানে সেই সংখ্যা ২০০-এর নিচে নেমে এসেছে।
অন্যদিকে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং অ্যাসোসিয়েশন অব ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) যৌথ জরিপে নগরে ব্যক্তিমালিকানাধীন ছোট-বড় প্রায় দেড় হাজার পুকুরের অস্তিত্ব পাওয়া যায়। তবে এসব জলাশয়ের অধিকাংশই ইতোমধ্যে ভরাট করে সেখানে নির্মাণ করা হয়েছে বহুতল ভবন ও বিভিন্ন স্থাপনা।
নগরীর বিভিন্ন এলাকায় প্রতিনিয়তই চলছে পুকুর ও জলাশয় ভরাটের ঘটনা। ব্যক্তিমালিকানাধীন জলাশয়ের পাশাপাশি সরকারি ও ঐতিহ্যবাহী জলাশয়ও পড়ছে দখলদারদের কবলে।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পাশে প্রায় ৮০ শতাংশ আয়তনের একটি জলাশয় ভরাটের চেষ্টা চালানো হয়েছে। একই সড়কে হেমায়েত উদ্দিন ডায়াবেটিক হাসপাতালের পাশে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) মালিকানাধীন ৯০ দশমিক ৫০ শতাংশ আয়তনের আরেকটি জলাশয় ভরাটের উদ্যোগ নেওয়া হলে পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপে তা বন্ধ হয়।
এ ছাড়া নগরীর নথুল্লাবাদ এলাকায় প্রায় তিন একর আয়তনের একটি জলাধারের সিংহভাগ ভরাট করে প্লট তৈরি ও বিক্রি করা হয়েছে। এভাবে একের পর এক জলাশয় হারিয়ে যাওয়ায় নগরীর প্রাকৃতিক পানি ধারণক্ষমতা ক্রমেই কমে আসছে।
পুকুর-দিঘির মতো বরিশাল নগরীর খালগুলোও দখল ও দূষণের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। একসময় নগরীর পানি নিষ্কাশন ও নৌ-যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল এসব খাল। কিন্তু দখল, অপরিকল্পিত স্থাপনা নির্মাণ এবং ময়লা-আবর্জনা ফেলার কারণে অধিকাংশ খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে।
নগরীর ২৪টি খালের মধ্যে সাতটি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। ১৩টি খাল রয়েছে মৃতপ্রায় অবস্থায়। পানিপ্রবাহ সচল রয়েছে মাত্র চারটি খালে। দখল ও দূষণে ভাটার খালের অবস্থাও অত্যন্ত নাজুক।
একসময় বরিশাল নগরীর বৃষ্টির পানি খাল, পুকুর ও দিঘিতে গিয়ে জমা হতো। এসব জলাশয় প্রাকৃতিক জলাধার হিসেবে কাজ করত। কিন্তু জলাশয়গুলো ভরাট করে আবাসিক ভবন, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করায় বৃষ্টির পানি ধারণ ও নিষ্কাশনের স্বাভাবিক ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে।
ফলে সামান্য বৃষ্টিতেই নগরীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে জলাশয় কমে যাওয়ায় বৃষ্টির পানি মাটির গভীরে প্রবেশের সুযোগও সংকুচিত হচ্ছে। এতে ভূগর্ভস্থ পানির স্তর ক্রমেই নিচে নেমে যাচ্ছে।
সংশ্লিষ্টদের অভিযোগ, দুই দশক আগে বরিশাল নগরীতে ৭৮০ থেকে ৮২০ ফুট গভীরতায় সুপেয় পানি পাওয়া গেলেও বর্তমানে অনেক এলাকায় ৯৫০ ফুটের বেশি গভীরে না গেলে পানি পাওয়া কঠিন হয়ে পড়েছে।
জলাশয় সংকটের আরেকটি বড় প্রভাব পড়ছে অগ্নিনির্বাপণ কার্যক্রমে। কোনো স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের গাড়িতে থাকা রিজার্ভ পানির মজুত শেষ হয়ে গেলে কাছাকাছি পুকুর, দিঘি বা অন্য কোনো জলাশয় থেকে পানি সংগ্রহ করতে হয়। কিন্তু নগরীতে পর্যাপ্ত জলাশয় না থাকায় বিকল্প পানির উৎস ক্রমেই কমে যাচ্ছে।
বরিশাল সচেতন নাগরিক সমাজের সদস্যসচিব ডা. মিজানুর রহমান বলেন, এভাবে জলাশয় হারিয়ে যেতে থাকলে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের পানি সংগ্রহের উৎস থাকবে না। এতে আগুন নিয়ন্ত্রণে আনতে বিলম্ব হওয়ার পাশাপাশি বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হবে। নগরীর পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃষ্টির পানি ধারণ, জলাবদ্ধতা নিরসন, ভূগর্ভস্থ পানির স্তর পুনর্ভরণ এবং অগ্নিনির্বাপণের জন্য পুকুর, দিঘি ও খাল অপরিহার্য।
বরিশাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মুহাম্মদ সেলিম মিয়া বলেন, ফায়ার সার্ভিসের গাড়িতে থাকা রিজার্ভ ট্যাংকের পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হলেও অনেক সময় তা পর্যাপ্ত হয় না। তখন ঘটনাস্থলের কাছাকাছি জলাশয় থেকে পানি সংগ্রহ করতে হয়। কিন্তু বরিশালে দিন দিন জলাশয়ের সংখ্যা কমে যাওয়ায় প্রায়ই পানির সংকটে পড়তে হচ্ছে।
বরিশাল জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দিন বলেন, পুকুর ও জলাশয় ভরাট ঠেকাতে নিয়মিত মামলা, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং অভিযান চালানো হচ্ছে। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হচ্ছে।
পরিবেশবিদ ও সচেতন মহলের মতে, বরিশালের ঐতিহ্যবাহী জলাশয়গুলো রক্ষা করা এখন সময়ের দাবি। শুধু জলাবদ্ধতা নিরসন নয়, নগরীর পরিবেশগত ভারসাম্য, সুপেয় পানির ভবিষ্যৎ নিরাপত্তা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে কার্যকর রাখতে পুকুর, দিঘি ও খাল সংরক্ষণের বিকল্প নেই। এখনই কার্যকর উদ্যোগ নেওয়া না হলে একসময় খাল-পুকুরের নগরী বরিশাল পুরোপুরি জলাশয়শূন্য নগরীতে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 











