পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে একটি ব্রিজের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন তিন গ্রামের প্রায় ৭ হাজার মানুষ। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পার হয়ে প্রতিদিন বিদ্যালয়ে যাতায়াত করছে প্রায় ৫০০ শিক্ষার্থী। দীর্ঘদিন ধরে একটি স্থায়ী ব্রিজের দাবি জানিয়ে আসলেও এখনো তা বাস্তবায়িত হয়নি। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে খাল পারাপার হতে হচ্ছে শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমখোলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তাফালবাড়িয়া গ্রামে নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনেই রয়েছে একটি খাল। খালটির ওপর কোনো স্থায়ী ব্রিজ না থাকায় স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে একটি বাঁশের সাঁকো নির্মাণ করেছেন। প্রায় ২৪০ ফুট দীর্ঘ এই সাঁকো দিয়েই প্রতিদিন ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডসহ আশপাশের তিন গ্রামের মানুষ যাতায়াত করেন।
তবে দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ এই সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারীরা। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীদের জন্য এটি হয়ে উঠেছে আতঙ্কের কারণ। সামান্য অসাবধানতায় সাঁকো থেকে খালে পড়ে যাওয়ার আশঙ্কা থাকায় সন্তানদের বিদ্যালয়ে পাঠিয়ে দুশ্চিন্তায় থাকেন অভিভাবকেরা।
তাফালবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী হাবিবা জানায়, প্রতিদিন এই সাঁকো পার হয়েই তাকে বিদ্যালয়ে যেতে হয়। চলাচলের সময় প্রায়ই পা পিছলে পড়ে যাওয়ার ঘটনা ঘটে। ছোট শিশুদের জন্য ঝুঁকি আরও বেশি, কারণ অনেকেই সাঁতার জানে না। কখনো কখনো শিক্ষার্থীরা খালের পানিতে পড়ে যাওয়ার উপক্রম হয়। এ কারণে অনেক অভিভাবক সন্তানদের বিদ্যালয়ে পাঠানো নিয়েও উদ্বিগ্ন থাকেন।
নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সামিয়া বলে, প্রতিদিন এই সাঁকো দিয়েই তাকে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে হয়। সাঁকো পার হওয়ার সময় প্রায়ই বই-খাতা খালে পড়ে যায়। এতে পড়াশোনার ক্ষতি হয়। সব সময় বাবা-মায়ের পক্ষেও সঙ্গে করে বিদ্যালয়ে নিয়ে আসা সম্ভব হয় না। তাই সেখানে একটি ব্রিজ নির্মাণের দাবি জানায় সে।
পশ্চিম তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা আরিফ হোসেন বলেন, এই সাঁকো দিয়ে ৪, ৬ ও ৮ নম্বর ওয়ার্ডের প্রায় সাত হাজার মানুষ চলাচল করেন। বিশেষ করে বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে। ইতোমধ্যে সাঁকো পার হতে গিয়ে অনেক শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়েছে। এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা হলে তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে।
আলগী তাফালবাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুল রশিদ খাঁ বলেন, দীর্ঘদিন ধরে তারা এই সমস্যায় ভুগছেন। তাই পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নুরুল হকের কাছে তাদের দাবি, এলাকাবাসীর দুর্ভোগ বিবেচনা করে দ্রুত এখানে একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেওয়া হোক।
নিজ সুহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান বলেন, বিদ্যালয়ের উত্তর পাশে অবস্থিত খালটির ওপর প্রায় ২৪০ ফুট দীর্ঘ একটি বাঁশের সাঁকো রয়েছে। শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের যাতায়াতের একমাত্র ভরসা এটি। ব্রিজ নির্মাণের জন্য এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু অজানা কারণে এখনো ব্রিজ নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হয়নি।
এ বিষয়ে আমখোলা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আল মামুন বলেন, আগে ওই স্থানে একটি পুল ছিল। সেটি ভেঙে যাওয়ার পর থেকেই এলাকাবাসী চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন। একটি নতুন পুল বা ব্রিজ নির্মাণের জন্য বিভিন্নভাবে চেষ্টা চালানো হচ্ছে।
স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের নিরাপদে বিদ্যালয়ে যাতায়াত নিশ্চিত করা এবং তিন গ্রামের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে খালটির ওপর দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণ করা জরুরি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ নিলে কয়েক হাজার মানুষের যোগাযোগব্যবস্থায় স্বস্তি ফিরবে।
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী: 











