সমবায় আন্দোলনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পেশাভিত্তিক সমবায় সমিতি হিসেবে নির্বাচিত হয়েছে পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি লিমিটেড। ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে এ স্বীকৃতি অর্জন করায় পটুয়াখালীর সমবায় অঙ্গনে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
রোববার (৮ নভেম্বর) রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ৫৫তম জাতীয় সমবায় দিবস ও জাতীয় সমবায় পুরস্কার ২০২৫ প্রদান অনুষ্ঠানে পেশাভিত্তিক সমবায় ক্যাটাগরিতে সমিতিটিকে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে সম্মাননা দেওয়া হয় বলে সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে।
অনুষ্ঠানে সমিতির সভাপতি মো. আবু জাফর মহামান্য রাষ্ট্রপতির হাত থেকে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও এক লাখ টাকার নগদ পুরস্কার গ্রহণ করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জাতীয় পর্যায়ে এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জনে সমিতির সব সদস্য, সমবায় কর্মকর্তা এবং সমিতির কর্মকর্তা-কর্মচারীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, এ অর্জন সমিতির সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা, নিষ্ঠা, আন্তরিকতা ও দীর্ঘদিনের কার্যক্রমের স্বীকৃতি। একই সঙ্গে এটি পটুয়াখালী জেলার জন্য গৌরবের বিষয়। এ সম্মাননা ভবিষ্যতে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে অনুপ্রেরণা জোগাবে।
জাতীয় পর্যায়ে এ অর্জনের মধ্য দিয়ে পটুয়াখালীর শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতি দেশের সমবায় অঙ্গনে নিজেদের সক্ষমতা ও সাফল্যের পরিচয় তুলে ধরেছে বলে মনে করছেন সমবায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 











