পটুয়াখালী সদর উপজেলায় নবযোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজার সঙ্গে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় পটুয়াখালী সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের মধুমতি হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানরাও উপস্থিত ছিলেন।
সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। বিশেষ করে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এ সময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান বলেন, প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের (মেম্বার) সক্রিয় ভূমিকা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুলিশ ও গ্রাম পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করলে স্থানীয় পর্যায়ে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।
মতবিনিময় সভার শুরুতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজাকে ফুল দিয়ে বরণ করে নেন উপস্থিত কর্মকর্তারা ও জনপ্রতিনিধিরা।
সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ইউএনও মোঃ আলী সুজা বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চান তিনি। এ জন্য তিনি সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় পারস্পরিক সহযোগিতা, সমন্বয় এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পটুয়াখালী সদর উপজেলাকে আরও উন্নত, নিরাপদ ও জনবান্ধব হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
ফিরোজ আহমেদ, পটুয়াখালী: 











