সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় খোলপেটুয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে ব্যাপক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে ড্রেজার মেশিন স্থাপন করা চারটি ইঞ্জিনচালিত বালুবাহী বোট এবং নদীর তীরবর্তী সাতটি প্রতিষ্ঠানের মজুত করা মোট ২ লাখ ১০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধ বালু ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক ব্যবসায়ীকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে খোলপেটুয়া নদীর বিভিন্ন পয়েন্ট এবং নদীর তীরবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে খোলপেটুয়া নদীর বিভিন্ন স্থান থেকে ড্রেজার মেশিন স্থাপন করা চারটি ইঞ্জিনচালিত বোট জব্দ করা হয়। পরে নওয়াবেঁকী ও আটুলিয়া এলাকায় নদীর চর দখল করে গড়ে ওঠা বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকানাধীন সাতটি বালুর স্তূপ জব্দ করে প্রশাসন। এসব স্তূপে থাকা মোট ২ লাখ ১০ হাজার ঘনফুট বালু অবৈধভাবে উত্তোলন ও মজুত করা হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযানে আবু মুছা কোম্পানিসহ সাতটি প্রতিষ্ঠানের অবৈধভাবে মজুত করা বালু জব্দ করা হয়। এ সময় আবু মুছার মালিকানাধীন প্রতিষ্ঠানের ম্যানেজার আনিছুর রহমানকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে দুই মাসের কারাদণ্ড এবং অনাদায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুজ্জাহান কনক এবং সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান।
এ ছাড়া অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শ্যামনগর থানা পুলিশ ও নৌ পুলিশের সদস্যরা অংশ নেন। স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আছাদুজ্জামান লিটন এবং শিক্ষা ও সাহিত্য সম্পাদক আরিফুজ্জামান আরিফ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জব্দ করা ২ লাখ ১০ হাজার ঘনফুট বালু এবং চারটি ইঞ্জিনচালিত বোট স্থানীয় চেয়ারম্যান ও সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সময়ে জব্দ করা বালুর মূল্য নির্ধারণ করে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। নিলামে বিক্রির মাধ্যমে প্রাপ্ত সমুদয় অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
প্রশাসন সূত্রে আরও জানানো হয়েছে, নদীর স্বাভাবিক গতিপ্রবাহ বজায় রাখা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীর তীরবর্তী এলাকার ভাঙন রোধে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। নদী ও পরিবেশের ক্ষতি করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান অবৈধ কর্মকাণ্ডে জড়িত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ হযরত আলী শান্ত, শ্যামনগর, সাতক্ষীরা: 











