খুলনা মহানগরীর শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আশিক বাহিনীর কথিত শুটার জনি (২২)–কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, একটি দুনলা বন্দুক এবং ১০ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানাধীন শিপইয়ার্ড এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার জনি (২২) খুলনার চানমারি বাজার এলাকার মৃত জাহিদ হাসানের ছেলে।
এসআরবি-৬ সূত্রে জানা গেছে, গ্রেফতার জনির বিরুদ্ধে অতীতের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য যাচাই করে খুলনা সদর ও লবণচরা থানায় অস্ত্র আইন, হত্যা ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মোট চারটি মামলার তথ্য পাওয়া গেছে।
অভিযানকালে উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও গুলিগুলো বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেফতার জনির বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে এসআরবি-৬।
এসআরবি-৬ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি ও বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জোরদার করা হবে।
আল-মাহফুজ শাওন, খুলনা: 






