‘দক্ষ যুবক গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং যুব উদ্যোক্তাদের মাঝে যুবঋণের চেক বিতরণ করা হয়।
রোববার (১ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় শুরুর স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক চৌধুরী আশরাফুল করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জনের প্রতিনিধি ডা. মো. তৌফিকুর রহমান রাকিব, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতা ও সাবেক পৌর মেয়র মোশতাক আহম্মেদ পিনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর মো. শফিকুল ইসলাম।
এ ছাড়া যুব উদ্যোক্তাদের পক্ষ থেকে বক্তব্য দেন আমির আব্দুল্লাহ বাছির।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন, কারিগরি প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান এবং উদ্যোক্তা তৈরির মাধ্যমে তরুণদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও ঋণ সহায়তা কার্যক্রম গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
তারা আরও বলেন, দেশের বিপুল যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে জাতীয় উন্নয়নের গতি আরও ত্বরান্বিত হবে। এ জন্য তরুণদের দক্ষতা অর্জনের পাশাপাশি নতুন নতুন উদ্যোগ গ্রহণে উৎসাহিত করতে হবে।
অনুষ্ঠানে যুব উদ্যোক্তাদের মাঝে যুবঋণের চেক বিতরণ করা হয়। এর মাধ্যমে তরুণদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে নিতে উৎসাহিত করা হয়।
সুনিল সরকার, পটুয়াখালী: 






