গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্সের ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে সমন্বিত বিশেষ কল্যাণ সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
গোপালগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ এবং ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান।
সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিজিবি, এসআরবি ও আনসার বাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ, সুযোগ-সুবিধা এবং কল্যাণমূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সদস্যদের কর্মপরিবেশ উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি জনবান্ধব পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তাঁরা আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সব বাহিনীর মধ্যে পারস্পরিক সমন্বয়, সহযোগিতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জনগণের নিরাপত্তা ও সেবা নিশ্চিতকরণ এবং পুলিশের পেশাগত দক্ষতা ও মনোবল বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।
সাইফুল ইসলাম, গোপালগঞ্জ: 












