বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের আমীর হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আল-আমীন খান। শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলা জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য উপজেলা শাখার নতুন নেতৃত্বের কার্যক্রম শুরু হলো।
শনিবার সকাল সাড়ে ৭টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী উপজেলা শাখার উদ্যোগে দলের অস্থায়ী কার্যালয়ের হলরুমে এ বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা আল-আমীন খানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও বরিশাল অঞ্চল টিমের সদস্য অধ্যাপক আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াতের আমীর ডা. এস এম মাহফুজুর রহমান, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের বরিশাল বিভাগীয় সভাপতি আলহাজ মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান, বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, গৌরনদী পৌর জামায়াতের আমীর আলহাজ মাওলানা হাফিজুর রহমান এবং উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মো. বায়েজিদ হোসেন শরীফ।
সম্মেলনে উপজেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দের পাশাপাশি পুরুষ ও নারী রুকনরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করা হয়।
সম্মেলনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে ২০২৭-২৮ সেশনের জন্য উপজেলা আমীর হিসেবে মাওলানা আল-আমীন খানের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় তিনি আগামী দুই বছরের জন্য সংগঠনের দায়িত্বভার গ্রহণ করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দাওয়াতি কার্যক্রম আরও বেগবান ও গতিশীল করার মাধ্যমে গৌরনদী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সুসংগঠিত ও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে হবে। সংগঠনের লক্ষ্য ও কর্মসূচি বাস্তবায়নে সকল পর্যায়ের দায়িত্বশীল এবং রুকনদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, সাংগঠনিক শৃঙ্খলা, পারস্পরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও সম্প্রসারিত করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মানুষের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এর মধ্য দিয়ে গৌরনদী উপজেলা জামায়াতের বার্ষিক রুকন সম্মেলনের সমাপ্তি ঘটে।
বিএম বেলাল, গৌরনদী, বরিশাল: 











