পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪০০ গ্রাম গাঁজাসহ মো. আবুল কালাম ওরফে শুক্কুর গাজী (৫১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ নভেম্বর ২০২৬ তারিখ রাত ১০টা ৩৫ মিনিটের দিকে গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় গলাচিপা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি এলাকায় শহিদুল বেপারীর চায়ের দোকানের গলির শেষ মাথায় অবস্থিত শুক্কুর গাজীর বসবাসরত টিনশেড ঘরে অভিযান চালানো হয়।
অভিযানকালে ওই ঘর থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্যসহ মো. আবুল কালাম ওরফে শুক্কুর গাজীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি আবুল কালাম ওরফে শুক্কুর গাজী (৫১) পটুয়াখালীর গলাচিপা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নতুন বাজার এলাকার আ. খালেক গাজীর ছেলে। বর্তমানে তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শ্যামলীবাগ এলাকায় তাঁর শ্বশুর মো. নুরুল হকের বাসায় বসবাস করতেন।
এ ঘটনায় গলাচিপা থানায় ২০ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর-৪১ দায়ের করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 











