পটুয়াখালীর গলাচিপায় উদ্ধার করা দুটি বিষধর সাপের ডিম থেকে ফুটে ওঠা ১৩টি সাপের বাচ্চা অবমুক্ত করেছে বন বিভাগ। এর মধ্যে ১০টি পদ্মগোখরা ও ৩টি দারাস সাপের বাচ্চা রয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে দারাস সাপের তিনটি বাচ্চা অবমুক্ত করা হয়। অপরদিকে, বিষধর ১০টি পদ্মগোখরা সাপের বাচ্চা প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করার জন্য ম্যানগ্রোভ বনে নিয়ে যায় বন বিভাগ।
জানা গেছে, প্রায় দুই মাস আগে গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের চরকাজল গ্রামের তরুণ স্বেচ্ছাসেবক আবু তাঈম সিজান ও মোহাম্মদ জিহাদ দুটি বিষধর সাপ—পদ্মগোখরা ও দারাস উদ্ধার করেন। উদ্ধারের পর সাপ দুটির পেটে ডিমের উপস্থিতি দেখতে পান তারা। পরে বিশেষ যত্নে ও নিজেদের ব্যবস্থাপনায় সাপ দুটিকে প্রায় দুই মাস পরিচর্যা করেন। ডিম দেওয়ার পর সাপ দুটিকে নিরাপদে অবমুক্ত করা হয়।
এরপর সাপ দুটির দেওয়া ডিম থেকে বাচ্চা ফোটানোর উদ্যোগ নেন ওই দুই স্বেচ্ছাসেবক। বিশেষ ব্যবস্থায় পদ্মগোখরার ২০টি এবং দারাস সাপের ৮টি ডিম প্রায় দুই মাস ধরে তা দিয়ে সংরক্ষণ করেন তারা। একপর্যায়ে ডিম ফুটে ১০টি পদ্মগোখরা ও ৩টি দারাস সাপের বাচ্চা জন্ম নেয়। বাচ্চাগুলোকে আরও এক সপ্তাহ পরিচর্যায় রাখার পর সোমবার গলাচিপা উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। পরে বন বিভাগের উদ্যোগে সেগুলো উপযুক্ত পরিবেশে অবমুক্ত করার ব্যবস্থা নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শ্রী নয়ন মিস্ত্রি, স্বেচ্ছাসেবক আবু তাঈম সিজান ও মোহাম্মদ জিহাদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। তিনটি দারাস সাপের বাচ্চা সদর ইউনিয়নের ইটবাড়িয়া এলাকায় অবমুক্ত করা হয়। অন্যদিকে, বিষধর ১০টি পদ্মগোখরা সাপের বাচ্চা ম্যানগ্রোভ বনে অবমুক্ত করার জন্য নিয়ে যায় বন বিভাগ।
স্বেচ্ছাসেবক আবু তাঈম সিজান বলেন, “আমি স্বেচ্ছাসেবক হিসেবে বিভিন্ন স্থান থেকে বন্যপ্রাণী উদ্ধার করে নিরাপদ পরিবেশে অবমুক্ত করার কাজ করি। এ ধরনের কাজ নিয়মিতই করতে হয়। দারাস সাপ নির্বিষ হওয়ায় এগুলো উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়েছে। অন্যদিকে, পদ্মগোখরা বিষধর হওয়ায় সেগুলো লোকালয় থেকে দূরে ম্যানগ্রোভ বনে অবমুক্ত করার জন্য বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।”
এ বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, “প্রকৃতির প্রতিটি প্রাণীরই পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজস্ব ভূমিকা রয়েছে। সাপ দেখলেই আতঙ্কিত হওয়া উচিত নয়। মানুষ ও বন্যপ্রাণীর সহাবস্থান নিশ্চিত করতে জীববৈচিত্র্য সংরক্ষণে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে।”
বন্যপ্রাণী সংরক্ষণে তরুণ স্বেচ্ছাসেবকদের এমন উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসনীয়। একই সঙ্গে লোকালয়ে সাপের উপস্থিতি দেখা গেলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখা এবং প্রশিক্ষিত উদ্ধারকারী বা বন বিভাগের সহায়তা নেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: 












