নিকাহ রেজিস্ট্রারদের (কাজী) বর্তমান কর্মএলাকা ও অধিক্ষেত্র বহাল রাখাসহ আট দফা দাবি আদায়ের লক্ষ্যে পটুয়াখালীতে কলমবিরতি, মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার নিকাহ রেজিস্ট্রাররা।
সোমবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি ও মুসলিম কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
জেলা কাজী সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শাহ মো. আলাউদ্দিনের সভাপতিত্বে এবং কাজী আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন জেলা কাজী সমিতির সহ-সভাপতি কাজী মাওলানা সৈয়দ মো. আবুল কালাম আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো. আলাউদ্দিন সিকদার, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মো. আলাউদ্দিন, কলাপাড়া উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাওলানা আবু বকর সিদ্দিক, দশমিনা উপজেলা কাজী সমিতির সহ-সভাপতি কাজী মাওলানা মো. খিজির আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
কর্মসূচিতে বক্তারা নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত অধিকার, কর্মক্ষেত্রের সুরক্ষা এবং বিদ্যমান আইন ও বিধিমালার যথাযথ বাস্তবায়নের দাবি জানান। এ সময় তাঁরা নিজেদের আট দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে— মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রারদের বর্তমান কর্মএলাকা ও অধিক্ষেত্র বহাল রাখা; মৃত বা অবসরপ্রাপ্ত নিকাহ রেজিস্ট্রারদের যোগ্য পুত্রকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া; প্রার্থীর ধর্মীয় ও শরিয়াহগত যোগ্যতা বহাল রাখা; অবসরের বয়সসীমা নির্ধারণ; নিবন্ধন ফি বৃদ্ধি; নোটারি পাবলিকের মাধ্যমে অবৈধ বিবাহ ও তালাকের প্রচলন বন্ধ করা এবং সংশ্লিষ্ট অংশীজনদের অন্তর্ভুক্ত করে তাঁদের মতামত গ্রহণের ব্যবস্থা করা।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া কাজী সমিতির নেতৃবৃন্দ বলেন, তাঁদের উত্থাপিত দাবিগুলো নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত স্বার্থ ও বিবাহ নিবন্ধন ব্যবস্থার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই এসব দাবি বাস্তবায়নে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। তাঁরা এ বিষয়ে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।
এ ছাড়া আট দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে দেশের সব নিকাহ রেজিস্ট্রারকে অংশগ্রহণের আহ্বান জানান নেতৃবৃন্দ।
কর্মসূচিতে পটুয়াখালী জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা নিকাহ রেজিস্ট্রাররা অংশ নেন।
জালাল আহমেদ: 











