সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে নৈরাজ্য, অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল ও তরুণ দলের নেতাকর্মীরা।
রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় শ্যামনগর উপজেলা বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি উপজেলার বাবলাতলা মোড় সংলগ্ন নগর ক্লিনিকের সামনে থেকে শুরু হয়ে শ্যামনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে উপজেলা স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল ও তরুণ দলের নেতাকর্মীদের পাশাপাশি উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জুলফিকার সিদ্দিক, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হাবিব হোসেন সেলিম এবং উপজেলা তরুণ দলের সভাপতি জয়নাল মল্লিক।
সমাবেশে বক্তারা বলেন, শ্যামনগরের শান্তিপূর্ণ পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। কোনো ধরনের নৈরাজ্য, বিশৃঙ্খলা কিংবা অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, জনগণের জানমালের নিরাপত্তা ও এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সচেষ্ট রয়েছেন। শ্যামনগরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির যেকোনো অপচেষ্টা রাজনৈতিক ও সাংগঠনিকভাবে মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
বিক্ষোভ মিছিলে স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল ও তরুণ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মোঃ হযরত আলী শান্ত, শ্যামনগর, সাতক্ষীরা: 











