একসময় দক্ষিণাঞ্চলের মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম ছিল নৌপথ। বরিশাল নদীবন্দর থেকে অভ্যন্তরীণ অন্তত দুই ডজন রুটে নিয়মিত চলাচল করত যাত্রীবাহী লঞ্চ। কিন্তু সময়ের ব্যবধানে সড়ক যোগাযোগের উন্নয়ন, নদীর নাব্যতা হ্রাস এবং নিয়মিত খননের অভাবে ক্রমেই সংকুচিত হয়ে পড়েছে এই নৌপথ। বর্তমানে বরিশাল থেকে হাতেগোনা কয়েকটি রুটে লঞ্চ চলাচল করলেও শুষ্ক মৌসুমের শুরুতেই সেসব রুটেও দেখা দিয়েছে তীব্র নাব্য সংকট। কোথাও নদীর বুকে জেগে উঠেছে বিস্তীর্ণ চর, আবার কোথাও পানির গভীরতা নেমে এসেছে মাত্র আড়াই থেকে তিন ফুটে। এতে লঞ্চ চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি একের পর এক নৌ-রুট বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
নদীতে পর্যাপ্ত পানির অভাবে প্রায়ই মাঝপথে আটকে পড়ছে যাত্রীবাহী লঞ্চ। কোনো কোনো রুটে নির্ধারিত গন্তব্যের টার্মিনাল পর্যন্ত পৌঁছানো সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে টার্মিনাল থেকে কয়েক কিলোমিটার দূরে নদীতে লঞ্চ থামিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হচ্ছে। পরে ছোট ট্রলারে করে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে তাঁদের। এতে একদিকে যেমন বাড়ছে যাত্রীদের ভোগান্তি, অন্যদিকে ঝুঁকিপূর্ণ পারাপারের কারণে তৈরি হচ্ছে দুর্ঘটনার আশঙ্কা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে বরিশাল থেকে ভোলা, মেহেন্দিগঞ্জ, পাতারহাট, ইলিশা, মজুচৌধুরীর হাট, ভেদুরিয়া, শ্রীপুর ও চরমহিষাসহ কয়েকটি রুটে লঞ্চ চলাচল করছে। তবে এসব রুটের বেশির ভাগই কমবেশি নাব্য সংকটে আক্রান্ত। এর মধ্যে বরিশাল-পাতারহাট-মজুচৌধুরীর হাট নৌপথের পরিস্থিতি সবচেয়ে উদ্বেগজনক। নাব্যতা সংকটের কারণে এ রুটের অধিকাংশ লঞ্চ বর্তমানে পাতারহাট পর্যন্ত যাত্রী পরিবহন করছে। দু-একটি লঞ্চ জোয়ার-ভাটার সময় বিবেচনায় নিয়ে সীমিতভাবে চলাচল করছে।
সম্প্রতি এমভি রাজপাখি নামের একটি যাত্রীবাহী লঞ্চ বরিশাল থেকে মজুচৌধুরীর হাট যাওয়ার পথে কাটাখালি চ্যানেলে প্রায় ছয় ঘণ্টা আটকে থাকে। চ্যানেলটির অধিকাংশ স্থানে চর জেগে ওঠায় জোয়ার ছাড়া লঞ্চ চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে। শুধু কাটাখালি চ্যানেল নয়, এ রুটের মাছকাটা নদীসহ আরও কয়েকটি স্থানেও রয়েছে তীব্র নাব্য সংকট।
পরিস্থিতি এতটাই নাজুক যে, মজুচৌধুরীর হাট টার্মিনাল পর্যন্ত কোনো লঞ্চ পৌঁছাতে পারছে না। প্রায় সারা বছরই টার্মিনাল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে নদীতে লঞ্চ থামিয়ে ট্রলারের মাধ্যমে যাত্রী পারাপার করতে হচ্ছে। এতে নারী, শিশু ও বয়স্ক যাত্রীদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। ঝুঁকি নিয়ে লঞ্চ থেকে ট্রলারে ওঠানামা করতে গিয়ে দুর্ঘটনার ঘটনাও ঘটছে।
একই অবস্থা বরিশাল-ভোলা নৌপথেও। কীর্তনখোলা নদী পার হওয়ার পর বিভিন্ন স্থানে পানির গভীরতা আশঙ্কাজনকভাবে কমে গেছে। টুঙ্গিবাড়িয়া মোড়, চরবাড়িয়া বিশ্বাসের হাট, সাহেবেরহাট খাল ও ভাঙা ব্রিজ এলাকায় পানির গভীরতা নেমে দাঁড়িয়েছে মাত্র আড়াই থেকে তিন ফুটে। অথচ একটি যাত্রীবাহী লঞ্চ নিরাপদে চলাচলের জন্য কমপক্ষে ছয় ফুট পানির গভীরতা প্রয়োজন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ ছাড়া শ্রীপুর থেকে ভেদুরিয়া পর্যন্ত নৌপথেও রয়েছে নাব্যতা সংকট। কোথাও কোথাও পর্যাপ্ত পানির অভাবে লঞ্চের স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে। ফলে নির্ধারিত গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় লাগছে। এতে যাত্রীদের আগ্রহ কমে যাওয়ার পাশাপাশি নৌপথের ওপর নির্ভরশীলতাও দিন দিন হ্রাস পাচ্ছে। এভাবে চলতে থাকলে অবশিষ্ট নৌ-রুটগুলোও একসময় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বরিশাল-ভোলা নৌপথে চলাচলকারী এমভি তৃণার মাস্টার মো. রাকিব বলেন, শীত মৌসুম শুরু হওয়ার আগেই নদীতে নাব্য সংকট তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন স্থানে পানির গভীরতা কমে যাওয়ায় লঞ্চ চলাচলে প্রতিনিয়ত সমস্যা হচ্ছে। এখনই প্রয়োজনীয় ড্রেজিং করা না হলে যেকোনো সময় এ রুটে যাত্রী পরিবহন বন্ধ হয়ে যেতে পারে।
বরিশাল-মজুচৌধুরীর হাট রুটে চলাচলকারী এমভি পারিজাতের মালিক কাজী ওয়াহেদ বলেন, এ রুটের প্রধান সমস্যা কাটাখালি চ্যানেল। চ্যানেলটির গভীরতা বাড়িয়ে নৌযান চলাচলের উপযোগী করা না হলে বর্তমানে যে কয়েকটি লঞ্চ চলাচল করছে, সেগুলোও একসময় বন্ধ হয়ে যাবে।
এ বিষয়ে বরিশাল নদীবন্দরের বিআইডব্লিউটিএ কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, নাব্য সংকটপ্রবণ এলাকাগুলোতে নিয়মিত ড্রেজিং কার্যক্রম চলছে। এর বাইরে অন্য কোনো স্থানে ড্রেজিংয়ের প্রয়োজন হলে সংশ্লিষ্টদের জানাতে হবে। বিষয়টি ড্রেজিং বিভাগকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগব্যবস্থা সচল রাখা, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং নৌপথের ঐতিহ্য ধরে রাখতে নদীর নাব্যতা রক্ষায় কার্যকর উদ্যোগ জরুরি। বিশেষ করে গুরুত্বপূর্ণ চ্যানেল ও নৌপথগুলোতে দ্রুত জরিপের মাধ্যমে প্রয়োজনীয় ড্রেজিং কার্যক্রম পরিচালনা করা না হলে বরিশাল নদীবন্দরকেন্দ্রিক অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ আরও সংকুচিত হয়ে পড়তে পারে। এতে শুধু লঞ্চ চলাচলই নয়, নদীনির্ভর জনপদের মানুষের দৈনন্দিন যোগাযোগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
সাউথ বিডি নিউজ ২৪ ডেস্ক: 












