পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ গ্রাম গাঁজাসহ অলিউল্লাহ (১৮) নামের এক তরুণকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের গাজী বাড়ি বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত অলিউল্লাহ দক্ষিণ মজিদবাড়িয়া গ্রামের জামালের ছেলে।
প্রশাসন সূত্রে জানা যায়, গাজী বাড়ি বাজার এলাকায় মাদক লেনদেন হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১৫ গ্রাম গাঁজাসহ অলিউল্লাহকে আটক করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মির্জাগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মুন্সী। বিচার চলাকালে অপরাধ স্বীকার করায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
স্থানীয় সচেতন মহলের মতে, যুবসমাজকে মাদকের অপব্যবহার থেকে রক্ষা করতে এ ধরনের নিয়মিত অভিযান অত্যন্ত জরুরি। মাদক নির্মূল ও এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানানো হয়েছে।
বাপ্পি চন্দ্র, মির্জাগঞ্জ, পটুয়াখালী: 











