আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৬ উপলক্ষে পটুয়াখালীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ, নির্যাতনের ঘটনায় ন্যায়বিচার নিশ্চিত এবং বিচারহীনতার সংস্কৃতি বন্ধের দাবিতে এ কর্মসূচি পালন করে বাংলাদেশ মহিলা পরিষদ, পটুয়াখালী জেলা শাখা।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে জেলা মহিলা পরিষদ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা মহিলা পরিষদের সভাপতি শিরিন নাহার। সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির আন্দোলন সম্পাদক মাহফুজা বেগম।
‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও, বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীনতার সংস্কৃতি ভাঙো’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জেলা মহিলা পরিষদের সহ-সভাপতি রাশিদা বেগম, সদস্য মিতালী দেবনাথ, আফরোজা আকবর, কোহিনুর রেজভীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এর আগে বিকেলে শহরের বনানীর মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন মহিলা পরিষদের নেত্রী ও সদস্যরা। এ সময় নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা, নির্যাতন ও বৈষম্য বন্ধের দাবি জানানো হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রণয়নই যথেষ্ট নয়; আইনের যথাযথ প্রয়োগ, অপরাধের দ্রুত ও নিরপেক্ষ বিচার এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিবাদ গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, নারী নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে নারী সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।
কর্মসূচির মাধ্যমে নারী ও কন্যাশিশুর জন্য নিরাপদ সমাজ গঠন, সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত এবং প্রতিটি নির্যাতনের ঘটনায় ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি পুনর্ব্যক্ত করেন মহিলা পরিষদের নেতৃবৃন্দ।
জালাল আহমেদ: 











