চিকিৎসাসেবার প্রচারণা চালাতে গিয়ে পরিবেশের গুরুত্বপূর্ণ সম্পদ গাছের ক্ষতি করার অভিযোগ উঠেছে পটুয়াখালীতে। সড়কের দুই পাশে শতাধিক গাছে লোহার পেরেক ঠুকে চিকিৎসাসেবা-সংক্রান্ত ব্যানার ও ফেস্টুন লাগানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, দ্রুত এসব প্রচারণাসামগ্রী অপসারণ করে গাছগুলোকে পেরেকমুক্ত করা হোক।
স্থানীয়দের অভিযোগ, চৌরাস্তা থেকে পায়রা পার হয়ে ২ নম্বর ব্রিজের বোতলবুনিয়া সড়ক ধরে বোতলবুনিয়া বাজার পর্যন্ত সড়কের দুই পাশে বিভিন্ন গাছে প্রচারণামূলক ফেস্টুন ও ব্যানার লাগানো হয়েছে। এসব ফেস্টুন টাঙাতে গাছের কাণ্ডে প্রায় আড়াই ইঞ্চি দৈর্ঘ্যের লোহার পেরেক ব্যবহার করা হয়েছে। এতে গাছের স্বাভাবিক বৃদ্ধি ও সুস্থতা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা বলেন, চিকিৎসাসেবার প্রচারণা অবশ্যই প্রয়োজন। তবে পরিবেশের ক্ষতি করে এমন প্রচারণা কোনোভাবেই কাম্য নয়। সংশ্লিষ্ট চিকিৎসক, ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষের পরিচয় শনাক্ত করে দ্রুত এসব ফেস্টুন অপসারণের দাবি জানিয়েছেন তাঁরা।
বিষয়টি নিয়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী সূজা বলেন, “আমি জায়গাগুলো পরিদর্শন করব এবং যারা এগুলো লাগিয়েছে, তাদের মাধ্যমেই অপসারণের ব্যবস্থা করব। তাতে কাজ না হলে পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে বিভাগীয় বন কর্মকর্তা জানান, গাছে পেরেক ঠুকে প্রচারণাসামগ্রী লাগানোর বিষয়ে নতুন আইন রয়েছে। এ বিষয়ে প্রথমে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। এরপরও সংশ্লিষ্টরা প্রচারণাসামগ্রী অপসারণ না করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গাছের ক্ষতিসাধন এবং অনুমোদনহীন স্থানে প্রচারণাসামগ্রী লাগানোর বিষয়ে প্রচলিত আইন ও বিধিবিধানে নিষেধাজ্ঞা এবং শাস্তির বিধান রয়েছে। তাই পরিবেশের ক্ষতি করে বিজ্ঞাপন প্রচারের পরিবর্তে নির্ধারিত বিজ্ঞাপন বোর্ড ও পরিবেশবান্ধব মাধ্যম ব্যবহারের আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
এলাকাবাসীর প্রত্যাশা, প্রশাসন ও বন বিভাগ দ্রুত সরেজমিন পরিদর্শন করে গাছ থেকে এসব ফেস্টুন ও ব্যানার অপসারণে কার্যকর পদক্ষেপ নেবে। মানুষের জীবন রক্ষার পাশাপাশি প্রকৃতি রক্ষার দায়িত্বও সবার। চিকিৎসাসেবার প্রচারণা হোক পরিবেশের প্রতি দায়িত্বশীলতার দৃষ্টান্ত।
সুনিল সরকার, পটুয়াখালী: 











