শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবস দুটি সুষ্ঠু ও সুন্দরভাবে পালনের জন্য শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোকসজ্জা এবং নিরাপত্তাসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হয়।
বুধবার (২৫ নভেম্বর) সকালে গোপালগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বচ্ছতা’ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। এ ছাড়া জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন, তাঁদের আত্মত্যাগ ও অবদানের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিসৌধ ও শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন আয়োজন এবং সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জাসহ সম্ভাব্য কর্মসূচি নিয়ে আলোচনা হয়।
দিবস দুটি নির্বিঘ্নে ও সুশৃঙ্খলভাবে উদযাপনের জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
সভায় অংশগ্রহণকারীরা শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এবং মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জাতীয় চেতনা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
সাইফুল ইসলাম, গোপালগঞ্জ: 











